আমরা সময়ের ফসিল
একসময় ক্লাসের শেষ বেঞ্চ মানে ছিলো সবচেয়ে আনন্দের জায়গা, আজ জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে বুঝি, পিছিয়ে থাকা সবসময় আনন্দের হয় না। আগে গাছে চড়া মানে ছিলো সাহস, আজ জীবনটাই এমন এক গাছ, যেখান থেকে পড়ে গেলে কেউ হাত বাড়িয়ে ধরে না। একসময় মাটিতে আঁকা কুটকুট ছিলো আমাদের প্রথম গাণিতিক সমস্যা, আজ ব্যাংক ব্যালান্সের হিসেব মিলাতে গিয়েও বুঝতে পারি, সব প্রশ্নের উত্তর হয় না। শৈশবে দৌড়ে গিয়ে গলা শুকিয়ে গেলে কলের ঠান্ডা জল ছিলো সবচেয়ে দামি পানীয়, আজ বোতলের গায়ে প্রিন্টেড দাম দেখে বুঝি, জলও শ্রেণীবিভক্ত হয়ে গেছে। ছোটবেলায় বইয়ের পাতার মাঝে শুকনো পাতা রেখে ভাবতাম, সময় ধরে রাখলাম, আজ পুরনো ডায়েরির ভাঁজে চাপা দেওয়া অনুভূতিগুলো শুকিয়ে যাওয়া পাতার মতোই ঝরে গেছে। আগে ইচ্ছে হলেই পাড়ার দাদার কাছে গিয়ে বসতাম, আজ কাউকে একটা ফোন করার আগেও ভাবতে হয়, ব্যস্ত না তো? একসময় সিঁড়িতে বসে বন্ধুর সাথে গল্প করা ছিলো সবচেয়ে বড় অবসর, আজ বিল্ডিং বড় হয়েছে, ব্যালকনি হয়েছে, কিন্তু কেউ আর সিঁড়িতে বসে না। আগে খুব জেদ করে কাঁদতাম, আজ চোখ ভিজলেও বলতে হয়, "সব ঠিক আছে।" একসময় ট্রেন আসতে দেরি করলে বিরক্ত লাগতো, আজ নিজের স্টেশনে পৌঁছেও নামতে ইচ্ছে করে না। শৈশবে ইচ্ছেমতো রঙ মেশালেও ছবি সুন্দর লাগতো, আজ সম্পর্কের রঙ মেলাতে গিয়ে দেখলাম, সবকিছু ধূসর হয়ে গেছে। একসময় দাদুর মুখে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম, আজ ঘুম আসে না, গল্পও কেউ শোনায় না।
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
