নদী হয়ে উঠুক মানুষ
নদী হয়ে উঠুক মানুষ ----- মৌ মোহনা হারিয়ে গেছে— তারপর থেকে আমি প্রতিটি ঢেউয়ের গায়ে খুঁজে বেড়াই তার নামফলক। মাঝরাতে ঘুম ভাঙলে জানালার কাঁচে বৃষ্টির ফোঁটা দেখি— ভাবি কে এসে আমার চোখ মুছছে? নাকি শুধু নলকূপ ফেটে যাওয়া ট্যাংকের কান্না? নদীর হাত ধরতে কোনও নদী আপত্তি করে না— তবু মানুষের হাতে হাত ধরতে কত দলিল, কত শর্ত, কত কাগজপত্র! ভালোবাসা যেন স্ট্যাম্প পেপারের গন্ধমাখা এক কালো চুক্তি। এক নদীর জন্ম হয় হিমবাহ থেকে, আরেক নদী গোপন ঝর্ণার গর্ভে। কিন্তু মানুষের জন্ম কি শুধু হাসপাতালের বেডে? না কি জন্ম হয় ভয়ের মধ্যে, জন্ম হয় বদ্ধ ঘরে, যেখানে জানালা বন্ধ, অথচ কপালে লেখা থাকে— "মুক্তি"? পুরুষরা কখনও নদী হতে শেখেনি। তাদের রাগ, তাদের অহংকার, তাদের কামনার ঘোলা জল নদীর বুক জুড়ে বাঁধের মতো দাঁড়িয়ে গেছে। তাদের শাসন নদীর স্রোতকে আটকে রেখেছে, যেভাবে এক নারীর গলায় লোহার শিকল চাপিয়ে বলা হয়— "এটাই সংসার।" কিন্তু নদী জানে— অববাহিকা মানেই শ্বাসপ্রশ্বাস। অরণ্য, গ্রাম, চা–বাগান, শিশুর মুঠোভরা হাসি— সব মিলেই নদীর কাব্য। মানুষের ঘৃণা, দূষিত পলিথিনের স্তূপ, বেআইনি সেতু, এগুলো নদীর বাগান নয়। আমি উত্তরবঙ্গের আকাশে দাঁড়িয়ে প্রার্থনা করি— মানুষ যেন একদিন নদী হয়ে ওঠে। অন্তত চেষ্টা করুক— প্রবাহিত হতে, বাঁধা না দিতে, জলকণার মতো কারও কষ্টে মিশে গিয়ে অন্যের তৃষ্ণা মেটাতে।
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
