রঙের আত্মহত্যা
রাত দুটো বাজে। তুলি আর ক্যানভাস মুখোমুখি দাঁড়িয়ে আছে, কিন্তু আজ কোনো রং নামছে না। নীল প্রথমে লাফ দিলো। সে বলে গেল, "আমি যতবার কারও দুঃখের প্রতীক হয়েছি, ততবার আমার আকাশ থেকে তারারা খসে পড়েছে। আমি কষ্ট সহ্য করতে পারছি না আর!" তারপর সে মিলিয়ে গেল অন্ধকারের সাথে, নীলচে বিষাদ হয়ে। সবুজ হাসল তিক্তভাবে। "মানুষ আমাকে শান্তির প্রতীক বানিয়েছে, কিন্তু আমায় কেটেছে, পুড়িয়েছে, আমারই শরীরের উপর কংক্রিটের ফাটল এঁকেছে। আমি কি এখনো বেঁচে থাকার যোগ্য?" সে নিজেকে মুছে দিল ক্যানভাস থেকে, গাছপালাহীন এক মরুভূমি রেখে। লাল ক্ষোভে ফুঁসে উঠল। "তারা আমায় ভালোবাসার প্রতীক বানালো, আবার আমাকেই যুদ্ধের রক্ত বানিয়ে দিল! আমি অস্তিত্ব হারালাম প্রেম আর মৃত্যুতে।" সে ফুঁসে উঠে নিজেকে পুড়িয়ে ফেলল, পিছনে রেখে গেল শুধু ধোঁয়া। হলুদ একটু ইতস্তত করল। "আমি হাসির রং, সূর্যের আলো, কিন্তু আমি কি সত্যি সুখের প্রতীক? মানুষ আমার নিচে নিজের কান্না লুকিয়ে রাখে।" সে একটা ক্লান্ত নিঃশ্বাস ফেলল, তারপর একটা ফ্যাকাশে হলুদ পাতা হয়ে মাটিতে পড়ে গেল। শেষে এল সাদা। সে চুপচাপ ছিল, শুধু তাকিয়ে ছিল ফাঁকা ক্যানভাসের দিকে। তারপর সে মুচকি হেসে বলল, "তোমরা সব চলে গেলে, আমিই থাকব— একটা শূন্যতা হয়ে।" সকালে, শিল্পী তার ক্যানভাসের সামনে এসে দাঁড়াল। একটা সম্পূর্ণ ফাঁকা পটে, সে তার চোখের দিকে তাকিয়ে দেখল— রঙহীন।
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
