আমি!
আমি এখন আর নামি না পুরোনো নদীর ঘাটে, সেখানে জল নেই— শুধু সোঁদা গন্ধে ডুবে থাকা কিছু ভাঙা সময়। আমি এখন ঢেউ, নয় কূল— ছুটে চলি, থামতে পারি না। আগে আমি ছিলাম কাঁচের বেলুন— চাপ পড়লেই ফেটে যেতাম শব্দহীন চিৎকারে। এখন আমি ধোঁয়ার মতো— রূপ নেই, ধরাও দিই না, তবুও ছুঁয়ে থাকি চারপাশ। যে আমি রোজ অন্ধকারে হেঁটে যেতাম একটা ছেঁড়া স্ট্রিটল্যাম্পের নিচে, আজ সে আমি নিজেই আলো— অতীতের মতো ঝাপসা, তবুও উষ্ণ। আমার ভেতরে এখন একটা অরণ্য— পুরোনো কথারা পাতার মতো ঝরে যায়, নতুন আমি সেই গাছ, যার শেকড় আকাশের দিকে বাড়ে। বন্ধু বলতে এখন আধপোড়া ডায়েরি, কিছু অসমাপ্ত ছায়া— আর সময়, যে রোজ আমাকে খামে ভরে পোস্ট করে অজানা গন্তব্যে। ভুলগুলো এখন আর পাপ নয়— তারা আমার চামড়ায় আঁকা ট্যাটু, যারা রোদে চকচক করে, আর বৃষ্টিতে গলেই না। আমি এখন আয়না নই, দরজা— যাকে ঠেলে খুললে নতুন গল্পে পা রাখা যায়। আর তালা? সে শুধু তাদের জন্য, যারা নক করে। "আমি"—!! একটা ফিনিক্স, আগুনে পোড়ে— আর ছাই থেকে আবার জন্ম নেয়, একটা সিগারেটের শেষ টান হয়ে জ্বলে ওঠে অন্য কোনো শুরুর ছলে।
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
