তুই নেই আকাশও কাঁদতে ভুলে গেছে
সেদিনও এমনই ঝড় উঠেছিল— বুকের মধ্যে, আকাশের গায়ে, বাতাসে ছিঁড়ে পড়া কান্নার মতো, বিদ্যুৎ চমকেছিল, ঠিক তোর চলে যাওয়ার আগে! তারপর সব থেমে গেল। আকাশ থমকে রইল, বৃষ্টি আসার কথা ছিল, কিন্তু এল না— ঠিক যেমন তুই বলেছিলি, "ফিরবো" আর ফিরে এলি না! এখন আকাশ ফেটে যায় বিদ্যুতে, কিন্তু একটা বিন্দু জল ঝরে না। তুই হারিয়ে যাওয়ার পর ঝড়ও দিশেহারা, বৃষ্টি নিজেকে গিলে খেয়েছে! আমি জানলার পাশে দাঁড়িয়ে থাকি, তোর নামে একটা বাজ পড়ুক— আলোয় আমার ছায়া পড়ে— কিন্তু প্রতিধ্বনি ফেরে না! রাস্তাগুলো পুড়ে যায় বৃষ্টির অভাবে, ধুলো জমে সম্পর্কের ওপর, স্মৃতিগুলো এখন শুকনো পাতার মতো, যেগুলো কোনো ঝড়েই উড়ে যায় না! তোর নাম ধরে চিৎকার করি, বিদ্যুতের গর্জনের নিচে চাপা পড়ে যায়— আমার হাহাকার, আমার আর্তনাদ! কে শোনে? কে শুনবে? শুধু নীরবতা, শুধু ফাঁকা আকাশ, যেখানে কান্না নিষিদ্ধ হয়ে গেছে! কিছু বিদ্যুৎ কানে ফিসফিস করে, তুই শুনতে পাচিস? আমি এখনো দাঁড়িয়ে আছি, আমার আকাশটা এখনো অপেক্ষায়, কিন্তু তুই নেই— আর আকাশও কাঁদতে ভুলে গেছে!
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
