ভাঙ্গা সিঁড়ি
রাতে ঘুম ভেঙে গেলে এখনো সিঁড়িটার দিকে তাকাই, চাঁদের আলোয় ভেসে ওঠে তোর ফেলে যাওয়া ছায়া— কেউ নেই তবু দরজার পাশের পাতায় আজও লেখা আছে: “ফিরে আসিস।” আমি জানি— তুই আর ফিরবি না। তুই জানিস— আমিও থামব না। ভাঙা সিঁড়িগুলোর একেকটা ইট যেন আমার ইচ্ছেগুলো, কেউ একদিন পা দিলেই ভেঙে যাবে— তবুও আমি রোজ জোড়া দিই, তোর না-আসার পরেও তোকে বাঁচিয়ে রাখার খেলায়। আমার ভালোবাসা তো তোর নামে বাঁধা ছিল না, তা হলে তুই চলে গেলে ভেঙে যেতাম। ভাঙিনি— শুধু জমে গেছি। একটা ঘুম না আসা অপেক্ষার মধ্যে। এখন এই সিঁড়ির নিচে বসে তোর পায়ের শব্দ ভাবি— জানিস তো? ভুলেও যদি ফিরে আসিস, ভাঙা ধাপগুলো আমি নিজের শরীর দিয়েও মেরামত করে দেব। কারণ তুইই তো আমার— শেষ যাওয়ার পথ। তোর কাছেই পৌঁছাতে গিয়ে আমি আজও হারিয়ে আছি… ভাঙা সিঁড়ির একলা ধাপে!
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
