তিস্তা
*তিস্তা* ---- মৌ প্রথমে ছিল প্রেম— শিশির ভেজা ভোরের মতো, বিশ্বাসে গড়া দশ বছরের আয়ু। শেষ পর্যন্ত ছাই হয়ে গেলে মেয়েটি ফিরে গিয়েছিল বাপের বাড়ির জানালায়, যেখানে দুপুরে মাটির গন্ধে ঘুমিয়ে থাকে ব্যর্থতার ধুলো। সময় তখন ডাক্তারের মতো— নিস্তব্ধ হাতে মলম মেখে দিল তার দগদগে ক্ষতে। পাঁচ বছর কেটে গেল— পাঁচটা দীর্ঘ, একলা শীতকাল। তারপর— আবার একদিন সে খুলল জানালা, আবার ভরসা করল মানুষের চোখে, আবার সংসার সাজাল কাঁসার থালা, আলতা-রাঙা পা, সন্তানের হাসি দিয়ে। কিন্তু ইতিহাসের কাছে মানুষ বারবার হেরে যায়। ঠিক যখন সন্তান বড় হচ্ছে, ঠিক যখন আকাশে নতুন সূর্যের মতো জ্বলছিল আশ্বাস, তখনই দ্বিতীয় বার ভেঙে গেল ভিতরের দেওয়াল। আজ তিস্তার চোখে নদীর জল শুকিয়ে গেছে। বরং থমকে আছে চরের বালির মতো। সে জানে— এবার আর প্রেম নয়, এবার আর মানুষের হাতের উপর আস্থা রাখা নয়। এবার কেবল সন্তান, একটি ছোট্ট শ্বাসপ্রশ্বাস, যেটাই তার বেঁচে থাকার শেষ অজুহাত। পুরোনো ক্ষতের পাশে নতুন ক্ষতের দাগ— জীবন যেন চামড়ার বই, যেখানে শুধু আঁচড়ের ইতিহাস। তিস্তা দাঁড়িয়ে আছে নদীর ধারে— কোনও স্রোত নেই, শুধু জমাট জল, শুধু হাওয়ার কাছে নিঃশব্দ কান্না। 🌿
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
