ক্যান্টিনের হাহাকার...
টেবিলের পাশে জমে থাকা চায়ের দাগ জীবনের মানচিত্র আঁকে। সমুচার গন্ধে মিশে যায় ফুটনোটে লেখা স্বপ্নগুলো, আর ভাঙা মগে চুমুক দেয় অর্ধেক তৈরি কবিতা। কেউ চিৎকার করে— “আরেকটা কফি প্লিজ!” ক্যাশ কাউন্টারের আড়ালে ক্যান্টিনের দাদার চোখে সকালের ক্লান্তি জমে থাকে। তার হাসি বলে— পকেটের টাকা না থাকলেও তুমি এখানে কখনো খালি ফিরবে না। ঘুগনি প্লেটের ধারে আলুর গল্প, বাটারটোস্টের ভাঁজে লুকিয়ে থাকা একটা অসমাপ্ত প্রেম। ক্লাসের ফাঁকে ফাঁকে চায়ের কাপে ঝড় ওঠে— ভবিষ্যৎ, রাজনীতি আর শূন্যতার কবিতা। ক্যান্টিনের বাতাসে জমে থাকে সব দুঃখের বাস্প। কিন্তু সিঙ্গারার বাইরের রঙটা যেন বলে— জীবন ভেতরে ফাঁকা হলেও, বাইরেটা ঝকঝকে রাখো। এই ছোট্ট ক্যান্টিনটা শুধু খাবারের জায়গা নয়, এখানেই রাখা আছে বন্ধুত্বের এক চিরন্তন মেনু। যা বারবার বলে— জীবন যত হাহাকারের হোক, তুলে নাও আরেকটা দিন। ___
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
