ঘামের দাম
ঘাম মানে শুধু লবণাক্ত ফোঁটা নয়— এটা একেকটা অদৃশ্য ইতিহাস, যেখানে প্রতিটি বিন্দুতে জমে থাকে ক্ষুধার সঙ্গে যুদ্ধ, মাটির সঙ্গে শরীরের চুক্তিপত্র। ভোরের আগের আঁধারে অসংখ্য হাত মাটি খুঁড়ে আলো খুঁজে ফেরে। কারো ঘাম জমে থাকে কলকারখানার ছাদে, কারোটা ঝরে ভাঙা সড়কের ধুলোয়, আবার কারো ঘাম শহরের দেয়ালে লেগে থাকে নামহীন ইট-কাঠামোর ভিতর। আর এভাবেই যখন শরতে আসে পুজোর আগমনী হাওয়া, কাল মহালয়ার ভোরে নদীর ধারে প্রথম সূর্যের আলো পড়বে, আকাশে ভেসে উঠবে শঙ্খধ্বনি, রেডিও-এ বাজবে চণ্ডীপাঠের সুর। তখনও কেউ কুমোরপাড়ায় দাঁড়িয়ে শেষ তুলির আঁচড় দিচ্ছে মূর্তির চোখে, কারো হাত মেখে আছে কাদায়, কারো কপাল ভিজে আছে ঘামে। অট্টালিকার আলো ঝলমল সাজের আড়ালে জমে থাকবে তাদের অদেখা শ্রম, যারা পুজোর আনন্দকে রঙিন করে তোলে নিজেদের রঙ ফুরিয়ে। ঘাম আসলে এক মহাকাব্য— যার অক্ষরে অক্ষরে লুকিয়ে থাকে টিকে থাকার জেদ, প্রতিবাদের সুর, এবং আগামী দিনের রোদ্দুর। তুমি যদি সত্যিই শুনতে পারো, তাহলে বুঝবে— প্রতিটি ফোঁটা ঘামই এক অমূল্য মুদ্রা, যার বিনিময়ে দাঁড়িয়ে আছে সমস্ত সভ্যতার অট্টালিকা।
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
