ডলারে মোড়ানো ঈশ্বর
আমাদের বেঁচে থাকা — এক অতি উন্নত রণক্ষেত্র। ভাতের থালা হয়ে গেছে নৈর্ব্যক্তিক যুদ্ধের ঢাল। আদালত এখানে — আলাদা চামচে পরিবেশিত হওয়া ঠাণ্ডা নিরামিষ; কখনো সরাসরি গোখরার বিষ। এখানে, জলে, স্থলে, অণুতে, পরমাণুতে — ডলারে মোড়ানো ঈশ্বরের রাজত্ব। পোষ্য হাইব্রিড কর্পোরেট জোঁকেদের ছেড়ে দেওয়া হয় দেশীয় খামারে; চুষে নেয় রক্তের লবণ, ঘামের খনিজ, সমুদ্রের নাব্যতা, মেঘের গর্ভাবস্থা। তাদের তেলে, শরীরে মেদ বাড়িয়ে চলেন — ডলারে মোড়ানো ঈশ্বর। প্রতি মুহূর্তে কর্তন করা হয় মজুরের জীবনচিত্র; কখনো মানচিত্র। পাতলা পাতলা স্লাইসে, ভেঙে পড়ে নাম আর ভূমিকা। অথচ, রঙিন থিয়েটারে প্রদর্শিত হয় — সাম্য, স্বাধীনতা, অধিকার। গর্জে ওঠে দেশীয় খর্বকায় বাদামী — শৃগলজীবীয় অ্যাংরেজী অপেরা।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
