লোহালিয়া
কয়েকটা ঘরে ফেরা ক্ষুদ্র শালিক কিংবা চড়ুই, চৈত্রের রোদে পুড়ে মলিন হয়ে যাওয়া দিনের সামান্য আলো। গোধূলি সন্নিকটে রেখে আকাশে অনিয়ত, এলোমেলো তোমার আমার নিয়তির চিত্র। মাঝখানে একটা নদী, ধরা যাক নাম তার লোহালিয়া । শত শতাব্দীর গতিপথ থমকে যাওয়ার শঙ্কা নিয়ে রিভারভিউ পার্ক-রিসোর্ট, ব্রিজ, কালভার্টের মোড়কে দম নিচ্ছে কোনোরকমে। ক্রমশ এগিয়ে আসা চরাঞ্চল, দমকা হাওয়া দিয়ে জানান দিচ্ছে তার সাধের সংসারের পরিণতি। কী ভাবছো? মিল পাচ্ছ? যাবতীয় স্বাক্ষী-সাবুদ, প্রমাণ সমেত প্রণয়-মিলনের এক ঘোলা নদী বুঝি সৃষ্টি করেছিলাম আমরাও। কোলে মাথা রাখা কয়েকটা পূর্ণিমার সাক্ষী যার পাড়। এ নদীর তল না খুঁজে থামবো না, সে প্রতিশ্রুতিও হলো সারা। তবু, সুখগুলো সব গত হলো দ্রুতই। তারপর? জাগতিক এইম, ফেইম, ড্রিম, লাক্সারি খুঁজতে মনে হলো আমরা আজ বড়ই ক্লান্ত। দু-মন, দু-পাড়ে হাজারো-লক্ষ তর্ক-বিতর্ক হলো সারা। সঙ্গতই সে নদীর তল খুঁজতে আর এগোলাম না কেউই। তবে কি প্রাপ্তি শুধু ঐ? ভালোবাসা পেয়ে গেলে মোহ কাটে দ্রুতই? প্রশ্নগুলো রইলো পরে শেষে। আলগা সুখের মোহে অনুভূতিগুলো ভোঁতা হয়ে যায় যেমনি, তেমনি বিদায়ের বিষাদের তীব্রতা মরা নদীতেও তোলে হড়কাবান, জলোচ্ছ্বাস কিংবা মহাবিপদ সংকেত।
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
