কুকুরের হাসি
কুকুরটা হেসে ফেলে, ঠিক তখনই, যখন মানুষটা ফ্ল্যাটের জানালা দিয়ে নিচে তাকিয়ে ভাবে— "একদিন লাফ দিয়ে সব শেষ করে দেব!" কুকুরটা হাসে, যেন সে জানে, মানুষ আত্মহত্যা করে, কিন্তু বেঁচেও থাকে! কুকুরটা হেসে ফেলে, যখন দুটো হাত মিলিয়ে চুক্তি হয়, একটা কফির কাপের পাশে ভালোবাসার দাম লেখা হয়, আর রিংবক্সের ভেতর শর্ত ঢুকিয়ে দেওয়া হয়। সে হাসে, যেন বলতে চায়— তোরা "Forever" কেন বলিস, যখন "Timer-set" করা থাকে? কুকুরটা হেসে ফেলে, যখন রাতের অন্ধকারে লোকটা আয়নার সামনে দাঁড়িয়ে ফিসফিস করে— "আমি ঠিক আছি, আমি ঠিক আছি।" সে জানে, মানুষ নিজেকেই সবচেয়ে বেশি মিথ্যে বলে। একদিন কুকুরটা পাঁজর বের করা শরীর নিয়ে একটা রেস্তোরাঁর সামনে বসে ছিল, কেউ কেউ তাকাল, কেউ কেউ তাকাল না। ভেতর থেকে ভেসে এল হাসির শব্দ, সেলফির ক্লিক। কুকুরটা হাসল, "তোরা না বলিস, হাসি মানে সুখ? আমি হাসছি—মানে আমি সুখী?" একদিন কেউ একটা পাথর ছুঁড়ে মারল, সে তাকিয়ে রইল, তাকিয়েই থাকল। পরে মাথাটা ঝাঁকিয়ে আবার হাসলো "মানুষ আসলে ভালোবেসে ঘৃণা করে, আর ঘৃণা করেও বাঁচিয়ে রাখে!" রাত বাড়ে, শহর ঘুমোয়, আর কুকুরটা… সে হাসতেই থাকে। কারণ সে জানে, মানুষ কুকুরের হাসিকে ভয় পায়, কেননা সত্যিটা ওখানেই লুকিয়ে থাকে!
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
